কুড়িগ্রামে সীসা দূষণ রোধে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারণা

IMG_20261026_223446

প্রতিনিধি: সীসা দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কুড়িগ্রামের রাজারহাটে স্কুল ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং সীসা দূষণের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি’র সহায়তায় কর্মসূচিটির আয়োজন করে গ্রীন পিস ইয়ুথ নেটওয়ার্ক। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

কর্মসূচিতে সীসা দূষণের কারণে শিশুদের স্বাস্থ্য ও মস্তিষ্কের বিকাশে সম্ভাব্য ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি সীসার সংস্পর্শ এড়িয়ে চলার উপায়, প্রয়োজনীয় সতর্কতা এবং নিরাপদ থাকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আয়োজকেরা।

বিদ্যালয়ে প্রচারণা শেষে রাজারহাট বাজারে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় সীসা দূষণের ক্ষতিকর প্রভাব, এর স্বাস্থ্যঝুঁকি এবং দূষণ থেকে সুরক্ষিত থাকার উপায় সম্পর্কে মানুষকে সচেতন করা হয়।

আয়োজকেরা বলেন, সীসা দূষণ প্রতিরোধে শিশুদের পাশাপাশি পরিবার ও সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে সীসার ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে অবহিত করা এবং নিরাপদ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করা সম্ভব।

Reporter: