মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি গ্রেপ্তার
মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
চারঘাট (রাজশাহী): রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাসুদ রানা (৩১) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিপেটা করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি কামরুল হাসানকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে চারঘাট থানার মাড়িয়া গ্রামে। আহত মাসুদ রানা বর্তমানে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন—মাড়িয়া গ্রামের কামরুল হাসান (৩৭), রিক্ত (৩৬), সাগর (৩৫), সামিরা বেগম (৩২) এবং পুঠিয়া থানার খুঁটিপাড়া গ্রামের রমজান ইসলাম (২৭)।
স্থানীয় সূত্র ও এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মাড়িয়া গ্রামসহ চারঘাট থানা এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছিলেন। মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার তাদের মাদক ব্যবসা বন্ধের জন্য নিষেধ করলেও তারা তা আমলে না নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
এজাহারে আরও বলা হয়, ঘটনার দিন মাসুদ রানা মাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মাড়িয়া গ্রামের নওশাদ আলীর পারিবারিক কবরস্থানসংলগ্ন কাঁচা রাস্তায় পৌঁছালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাঁর পথরোধ করেন। একপর্যায়ে কথা কাটাকাটির মধ্যে রমজান ইসলামের নির্দেশে কামরুল হাসান তাঁর কাছে থাকা চাকু দিয়ে মাসুদ রানাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেন।
মাসুদ রানা কোপটি ঠেকানোর চেষ্টা করলে তাঁর ডান হাতের কনিষ্ঠ আঙুল ও ডান চোখের ওপরের অংশ কেটে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে রিক্ত, সাগর ও সামিরা বাঁশের লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
মাসুদ রানার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত মাসুদ রানাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় মাসুদ রানা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রধান আসামি কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
