পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন
মোঃ সৈয়দ আলী, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীর তীর, কৃষিজমি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ছাওলা, তাম্বুলপুর ও কৈকুড়ী ইউনিয়নের তিস্তা নদী, চর গাবুড়া, ঘাঘট, তেমনীর ঘাট ও গোপালগঞ্জের ঘাটসহ বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, শুধু দিনের বেলায় নয়, রাতেও এসব স্থানে বালু উত্তোলনের কার্যক্রম চলে।
স্থানীয়রা জানান, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ভাঙন, কৃষিজমির ক্ষতি এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া বালু উত্তোলনের সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকার অভিযোগও রয়েছে।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি চলে আসলেও বালু উত্তোলন বন্ধে দৃশ্যমান ও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা আরও উৎসাহিত হচ্ছেন বলে দাবি স্থানীয়দের।
এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, অভিযোগ থাকা এলাকাগুলোতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হলে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। একই সঙ্গে নদী, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
